ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি উড়ান বাতিল করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
জানা গেছে, শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত বাতিল হওয়া উড়ানগুলোতে প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা স্থগিত হয়েছে। আগের দিন আকাশসীমা বন্ধ ঘোষণার পরও ২৭টি উড়ান বাতিল হয়েছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উড়ান পরিচালনা অনিশ্চিত থাকতে পারে।
বাতিল হওয়া যাত্রীদের একটি অংশের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
উড়ানসূচি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট বিমান সংস্থা যাত্রীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে নতুন সময়সূচি জানাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

