ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:০৩ পিএম

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে রাজধানীকেন্দ্রিক প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা এবং জরুরি আশ্রয়কেন্দ্র নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।

 

মন্ত্রী জানান, ভূমিকম্পের পর প্রাথমিক আশ্রয়ের জন্য রাজধানীর খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি সমন্বিত প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আগামী ১১ মার্চ এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসজুড়ে দেশে ১০টি ভূকম্পন অনুভূত হয়েছে। মাসের শুরুতেই ঢাকাসহ আশপাশের এলাকায় ৩ মাত্রার কম্পন হয়, যার কেন্দ্র ছিল সিলেট অঞ্চলে। পরবর্তী সময়ে মিয়ানমার উৎসস্থল থেকে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।

একই মাসে সাতক্ষীরার কলারোয়া, সিলেটের গোয়াইনঘাট ও সুনামগঞ্জের ছাতক অঞ্চলে একাধিক কম্পন রেকর্ড করা হয়। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরার নিকটবর্তী এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার অগভীর ভূকম্পন রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!