চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছয়জন শ্রমিক ভবনের প্লাস্টারের কাজ শুরু করেন। এ সময় ভবনের বাইরে পঞ্চম তলায় রেলিংসংলগ্ন স্থানে দাঁড়িয়ে কাজ করছিলেন সিয়াম ও আনিস। হঠাৎ রেলিং ভেঙে গেলে তারা নিচে স্থাপিত মাচায় পড়ে যান। মাচাটিও ভেঙে পড়ায় তারা আরও নিচে আছড়ে পড়েন।
সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখেন দুজন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন জানান, একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে আনার পর অল্প সময়ের মধ্যে মারা যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

