ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নতুন দুই এমপি

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০১:৫৩ পিএম

শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নতুন দুই এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং রেজাউল করিম বাদশা (বগুড়া-৬)। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করে। স্থগিত হওয়া নির্বাচনে শেরপুর-৩ আসনে বিজয়ী হন মাহমুদুল হক রুবেল। অন্যদিকে, বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় অনুষ্ঠিত উপনির্বাচনে জয় পান রেজাউল করিম বাদশা।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে পূর্বে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়। অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হওয়ার পর তারেক রহমান আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের প্রয়োজন হয়।

সর্বশেষ এই শপথের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে এখনো ঘোষণা করা হয়নি। মামলার নিষ্পত্তির পর ওই দুই আসনের ফল প্রকাশ করা হবে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!