ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

১ জুলাই শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:২২ পিএম

১ জুলাই শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৫) শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট প্রায় ৩ লাখ ৭৬ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষক ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের দক্ষতা ও শিক্ষাদানের মান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই নতুন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সংসদে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বলেন, সুনীল অর্থনীতির বিকাশ ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রয়োজন হলে আগামী অর্থবছরেই এ খাতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সরকারের এই উদ্যোগকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!