ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০১:১৬ পিএম

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কোনো ধরনের বিরোধ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন এবং স্বৈরাচার বা একনায়কতন্ত্রের সঙ্গে কখনো আপস করেননি। বক্তব্যের শুরুতে তিনি প্রয়াত বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিবার স্বনির্ভর হলে পুরো দেশই শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। সেই লক্ষ্য নিয়েই বিএনপি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়।

এ সময় তিনি সংসদের সব সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বিরোধ থাকার কথা নয়।

বক্তব্যের শেষাংশে তিনি সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!