গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নতুন কাঠামো নির্ধারণে কাজ করছে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পরিধি নির্ধারণ করা হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম কাঠামোকে আধুনিকায়ন করা জরুরি। তথ্য মন্ত্রণালয় গঠনের সময় বর্তমানের মতো ডিজিটাল ও প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার ছিল না। ফলে নতুন বাস্তবতায় উপযোগী করে ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সাম্প্রতিক মনোমালিন্যের বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকার অনুদান চেক বিতরণ করা হয়।

