ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ক্ষয়ক্ষতির অভিযোগ ইরানের

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৫২ পিএম

তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ক্ষয়ক্ষতির অভিযোগ ইরানের

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দেশটি। এতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হামলার শিকার প্রতিষ্ঠানটি ‘পাস্তুর ইনস্টিটিউট অব ইরান’, যা ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গবেষণা কেন্দ্র। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানান।

তিনি দাবি করেন, হামলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতেও ভবনের অংশবিশেষ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র দেখা গেছে।

কেরমানপুরের ভাষ্য, এই গবেষণা কেন্দ্রটি আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য এবং বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন একটি প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

তবে এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!