নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন ও উপাচার্য চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নরসিংদীর সাম্প্রতিক ঘটনার প্রতিবাদেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে প্রকাশ্যে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে রাজপথে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে ধর্ষণের বিচার বাধাগ্রস্ত হয়। প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ অন্য সদস্যরা।
উল্লেখ্য, নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে দেশজুড়ে উদ্বেগ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

