ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

দায়িত্বে গাফিলতি সহ্য নয়: শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:০১ পিএম

দায়িত্বে গাফিলতি সহ্য নয়: শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকা কিংবা দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।                                                                                                                                                                                                                                                                                                ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে তা যাচাই করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগের চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দিয়েছিল, যেখানে দুর্নীতির সুযোগ ছিল। ফলে শিক্ষার গুণগত মান উপেক্ষিত হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থাকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে চায়।

কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!