ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

মানুষ এখন জবাবদিহিতামূলক রাজনীতি চায়: নুরুল হক নুর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৯ পিএম

মানুষ এখন জবাবদিহিতামূলক রাজনীতি চায়: নুরুল হক নুর

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ পরিবর্তন ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নেতৃত্ব এমন হতে হবে যাতে জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়া বা খবরদারি করার প্রবণতা না থাকে। “মানুষ এখন জনবান্ধব ও জবাবদিহিতামূলক রাজনীতি চায়,”—উল্লেখ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশা স্পষ্টভাবে জানিয়েছে। জাতীয় নির্বাচন শেষ হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও মানুষের দ্বারে যেতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা জরুরি। কেউ আক্রান্ত হলে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঈদের আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী, যাতে দরিদ্র ও অসহায় মানুষ যথাযথভাবে উপকৃত হয়।

এ সময় গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার মনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!