ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ইফতার আয়োজনে হাস্যরস, পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ আব্বাসের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:৩৩ এএম

ইফতার আয়োজনে হাস্যরস, পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ আব্বাসের

জামায়াতে ইসলামীর ইফতার আয়োজনে রাজনৈতিক অঙ্গনে দেখা গেল ভিন্নধর্মী এক মুহূর্ত। সেখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের সত্যায়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক লেখায় বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশলবিনিময় ও কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন।

পাটওয়ারী লেখেন, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দলের নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে করমর্দনের চেষ্টা করেছেন তিনি।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমিরের কাছে নিজের জন্য দোয়া চান। জবাবে তিনি দোয়া ও দাওয়াত—দুটোরই আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে পাটওয়ারী লেখেন, পরিবারের সহায়তা কার্ড প্রসঙ্গে কথা বললে প্রধানমন্ত্রী জানান, কর্মসূচিটি শুরু হয়েছে এবং অচিরেই তা সারাদেশে বিস্তৃত হবে।

এ ছাড়া মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের কাছে একটি আলোচিত হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া এবং দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।

মির্জা আব্বাসের সঙ্গে আলাপচারিতার বিষয়ে পাটওয়ারী লেখেন, তাঁকে নিজের বাসায় ইফতারের আমন্ত্রণ জানান। ইফতার শেষে বিদায়ের সময় আব্বাস আবারও বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে পাটওয়ারী রসিকতার সুরে মন্তব্য করেন, ছোট ভাইয়ের আসন এভাবে না নিলেও পারতেন।

ইফতার আয়োজন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এমন হালকা কথোপকথন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!