ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৬ পিএম

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নৃশংস ঘটনার প্রতিবাদ জানান।

বিবৃতিতে জুবায়ের বলেন, কিশোরীকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কেবল একটি অপরাধ নয়; এটি মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর গুরুতর আঘাত। তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরাধীদের পরিচয় প্রসঙ্গে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, ধর্ষক ও হত্যাকারীরা যে দল বা প্রভাবশালী গোষ্ঠীরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া যাবে না। এমনকি তারা যদি কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকে, তবুও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা আরও বড় অপরাধ হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের জঘন্য অপরাধে কোনো রাজনৈতিক প্রভাব বা আপসের সুযোগ থাকতে পারে না। ন্যায়বিচার নিশ্চিত না হলে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাধপ্রবণতা বাড়বে।

সবশেষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জুবায়ের। একই সঙ্গে মাধবদীর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!