ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় জাতিকে অন্ধকারে রেখে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর রমনায় দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিকার চাওয়া হবে।
তিনি আরও বলেন, যে দলকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের পুনর্বাসনের চেষ্টা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। গণভোটের ফল না মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার বিষয়েও তিনি সমালোচনা করেন।
সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, এভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। দেশ পরিচালনায় বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোনোর আহ্বান জানান তিনি। অন্যথায় অতীতের পরিণতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদও বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান সরকারের অনেক বক্তব্যে পতিত সরকারের সুর প্রতিধ্বনিত হচ্ছে। বিরোধী দলকে দুর্বল ভাবলে তা ভুল হবে বলেও সতর্ক করেন তিনি।

