জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কল্যাণে কাজের মাধ্যমে বিরোধীদল একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিরোধীদল হিসেবে শুধু সমালোচনা নয়, বাস্তব কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। জনগণের কল্যাণে কাজ করে একটি দায়িত্বশীল বিরোধীদলের দৃষ্টান্ত স্থাপন করতে চায় দলটি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ওপর কোনো ধরনের আধিপত্য চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। জাতীয় স্বার্থ রক্ষায় দল সবসময় সোচ্চার থাকবে।
তিনি দাবি করেন, অতীতে বিদেশি সহায়তার কিছু অংশ সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায়নি। ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা যেন সরাসরি জনগণের কাজে লাগে, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
এ সময় তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে দল প্রস্তুত রয়েছে।

