জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কোনো রাজনৈতিক দলের ব্যানারে দেখা উচিত নয়। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের পর সেগুলো পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। বরং ক্ষমতায় এসে কিছু রাজনৈতিক শক্তি আবারও সেই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও দাবি করেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে এবং তাদের মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা ছিল। এ কারণে অতীতে সহিংসতায় জড়িত অনেক অভিযুক্ত এখন জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আন্দোলনকারীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কেউ যদি গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতান্ত্রিক পথে এগোতে চায়, তাহলে তার পরিণতি ভালো হবে না।
শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো প্রলোভন বা বিভাজনের ফাঁদে পা না দিয়ে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে এই ঐক্য অটুট রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

