ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা বিএনপির

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:৫০ এএম

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা বিএনপির

চাঁদাবাজির অভিযোগ ঘিরে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১১ এপ্রিল) সকালে দলের মিডিয়া সেলের এক বার্তায় জানানো হয়, এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ঘটনাটি সামনে আসে প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম-এর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে। দলটির সহযোগী সংগঠন যুবদল-এর পক্ষ থেকেও তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঈন উদ্দিন মঈন-এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই চিকিৎসকের হাসপাতালকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করে আসছিল। প্রায় এক বছর ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগ উঠে এসেছে।

একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হাসপাতালের ভেতরে ঢুকে এক ব্যক্তি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং নিজেকে রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। সংশ্লিষ্টরা দাবি করছেন, ওই ব্যক্তি মঈন উদ্দিন মঈন।

অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডার ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত। অভিযোগ রয়েছে, চক্রটির পছন্দের ব্যক্তিকে কাজ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে তারা এবং এরপর থেকেই চাঁদা দাবি ও হুমকি দেওয়ার ঘটনা বাড়তে থাকে।

ভুক্তভোগী চিকিৎসক জানান, গত বছরের মাঝামাঝি সময় থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে—কখনো সরাসরি হুমকি, আবার কখনো রাজনৈতিক প্রভাব দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে শেরে বাংলা নগর থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!