ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

গণভোটের রায় বাস্তবায়নে আপসহীন থাকার ঘোষণা শফিকুর রহমানের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:২০ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে আপসহীন থাকার ঘোষণা শফিকুর রহমানের

গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের ফলাফল ‘হাইজ্যাক’ করা হয়েছে এবং এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থান কেবল ব্যক্তিপরিবর্তনের জন্য ছিল না; বরং এটি ছিল একটি পুরো ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, একটি পক্ষ নির্বাচনের ফলাফল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় প্রতিষ্ঠায় তারা আপসহীন থাকবেন। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে অন্যায় ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু—বিশেষ করে জ্বালানি সংকট ও সংক্রামক রোগ পরিস্থিতি—নিয়ে কথা বলতে গেলেও তাদের সুযোগ দেওয়া হয় না। এমনকি আলোচনার জন্য দেওয়া নোটিশও উপেক্ষা করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার জ্বালানি সংকট অস্বীকার করলেও বাস্তবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সংসদে জনগণের স্বার্থ যেন উপেক্ষিত না হয়, সে লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কবি-সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের চলমান নানা সংকট তুলে ধরে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!