ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:৫২ এএম

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসও সিঙ্গাপুরে যাবেন।

এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। পরীক্ষার ফলাফল ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

জানা গেছে, গত ১২ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকদের একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিতভাবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে এই জ্যেষ্ঠ নেতাকে দেখেও আসেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!