রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের আওতায় আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের প্রবণতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের গুরুত্বপূর্ণ আর্থিক ও দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান—যেমন বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন—ক্রমশ দলীয়করণের ঝুঁকিতে পড়ছে। তার মতে, এসব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদে ঘোষিত রাষ্ট্র সংস্কারের যে গতি প্রত্যাশা করা হয়েছিল, তা বাস্তবে দেখা যাচ্ছে না।
এ সময় তিনি দ্রুত একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য এই পরিষদ গঠন অপরিহার্য।
নাহিদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের কল্যাণে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

