ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

নগরবাসীর সমস্যার সমাধানে ‘নাগরিক সেবা’ অ্যাপ চালু করল জামায়াত

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:৪৫ পিএম

নগরবাসীর সমস্যার সমাধানে ‘নাগরিক সেবা’ অ্যাপ চালু করল জামায়াত

নগরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত জানানো ও সমাধানের উদ্যোগ হিসেবে ‘নাগরিক সেবা’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বারিধারায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানীর নগর ব্যবস্থাপনায় নানা সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, যানজট এবং রাস্তার খানাখন্দের মতো সমস্যায় নগরবাসী ভোগান্তিতে পড়ছেন।

সেলিম উদ্দিন জানান, নতুন চালু হওয়া ‘নাগরিক সেবা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের অভিযোগ বা সমস্যা জানাতে পারবেন। এসব তথ্য সংগ্রহ করে সমাধানের জন্য সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে দলটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স সেবা এবং আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে দলটি। এর মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য জাকাতভিত্তিক কর্জে হাসানা কর্মসূচির মাধ্যমে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে।

নগর প্রশাসনের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, আগামী দিনে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা নগরবাসীর সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং শহরের নিরাপত্তা ও সেবাব্যবস্থা নিশ্চিত করবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!