ঢাকা, নরসিংদী ও হাজারীবাগে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা এবং হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক শৈথিল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অপরাধীদের বিচারের বদলে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখানো বা মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করা মানবাধিকার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পোস্টের শেষাংশে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

