দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। রাজস্থানের উদয়পুরে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত ছবি ও সামাজিক মাধ্যমে তারকাদ্বয়ের শেয়ার করা মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
বিয়ের আয়োজনে ঐতিহ্যের ছোঁয়া
সকালে তেলুগু রীতিতে মূল বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন তারা। পরে বিকেলে কর্ণাটকের কোডাভা সম্প্রদায়ের ঐতিহ্য অনুসারে দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়।
বিয়ের দিনে রাশমিকা লাল রঙের শাড়ি ও সোনার অলংকারে সেজেছিলেন। ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী কুনজর এড়াতে গালে কালো টিকাও পরেন তিনি। বিজয় সাদা ধুতি ও লাল উত্তরীয় পরেন এবং তিনিও একই রীতি অনুসরণ করেন।
আবেগঘন বার্তা
বিয়ের ছবি শেয়ার করে বিজয় এক আবেগপূর্ণ বার্তায় জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব ও সঙ্গই তাকে বুঝিয়েছে—রাশমিকাই তার জীবনের সঙ্গী। পাশে থাকলে ঘরের মতো অনুভূতি পান বলেও উল্লেখ করেন তিনি।
পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি।

