ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ইকরাকে ঘিরে আবেগঘন খোলা চিঠি, প্রশ্ন তুললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:৫৮ পিএম

ইকরাকে ঘিরে আবেগঘন খোলা চিঠি, প্রশ্ন তুললেন তমা মির্জা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অকালমৃত্যুর ঘটনায় শোক ও আলোচনার মধ্যে আবেগঘন একটি খোলা চিঠি প্রকাশ করেছেন অভিনেত্রী তমা মির্জা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই লেখায় তিনি ভালোবাসা, অবহেলা ও দাম্পত্য জীবনের মানসিক টানাপোড়েন নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইকরা আত্মহত্যা করেছেন। জাহের আলভী নিজেও সামাজিক মাধ্যমে স্ত্রীর আত্মহত্যার কথা উল্লেখ করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তমা মির্জা ইকরার উদ্দেশ্যে লেখা বার্তায় বলেন, একজন নারী ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করেন, তাকে এগিয়ে যেতে উৎসাহ দেন, শূন্যতা মেনে নিয়েও সম্পর্ক আঁকড়ে থাকেন।

তিনি লেখেন, অনেক সময় সাফল্যের পর মানুষের আচরণ বদলে যায়—অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য ও মানসিক কষ্ট সম্পর্ককে ভেঙে দেয়। সেই পরিবর্তনই একজন নারীর কাছে সবচেয়ে কঠিন হয়ে ওঠে। তখন জীবন অর্থহীন মনে হতে পারে।

চিঠির শেষাংশে তমা মির্জা উল্লেখ করেন, হয়তো ইকরা এমন এক জায়গা খুঁজে নিয়েছেন যেখানে তাঁর যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছে। তবে এই চলে যাওয়া কোনো সমস্যার সমাধান নয়—এমন ইঙ্গিতও পরোক্ষভাবে উঠে আসে তাঁর লেখায়।

ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য ও দাম্পত্য সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।


 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!