নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে তরুণ সংগীতদল নিসর্গ ব্যান্ড। প্রেম, বিচ্ছেদ ও না-বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত তাদের নতুন গানের শিরোনাম ‘নীরব ঠিকানা’।গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ড্রামার ও ব্যান্ড ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সংগীত আয়োজনে ছিলেন কিবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)।
ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ভোকালিস্ট লিহাত আরা লেমিস, আর বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু। সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আবেগঘন ও আধুনিক সাউন্ডের সমন্বয়।
ব্যান্ড সদস্যদের আশা, ‘নীরব ঠিকানা’ সমসাময়িক বাংলা মৌলিক গানে নতুন মাত্রা যোগ করবে এবং শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে। শিগগিরই গানটি ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে যাত্রা শুরু করা নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গানের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে। দেশ-বিদেশে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা তৈরি করেছে নিবেদিত শ্রোতাগোষ্ঠী।
বর্তমান লাইনআপে রয়েছেন—সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকাল ও গিটার), লিহাত আরা লেমিস (ভোকাল), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার ও ম্যানেজার), তানজীম আহমেদ দীপু (বেজ গিটার) এবং মো. সেলিম আহমেদ (কিবোর্ড ও ভোকাল)।

