ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান উপাচার্য সরে যাওয়ার পর প্রো-উপাচার্য ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মান ও ঐতিহ্য বজায় রেখে শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদত্যাগপত্র শিক্ষামন্ত্রীর কাছে জমা দেন। তিনি ২০২৪ সালের আগস্টে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পান।
প্রসঙ্গত, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তৎকালীন উপাচার্যের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক নিয়াজ আহমদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

