সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজ ও আলুর দামে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীদের ভাষ্য, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এই মূল্যহ্রাস দেখা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১৫ থেকে ২০ টাকা কম। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।
আলু বিক্রি হচ্ছে ৫ কেজি ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। বগুড়ার আলু প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে।
এক বিক্রেতা মো. খালেক বলেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। তার ধারণা, আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমতে পারে।
এ ছাড়া আদা প্রতি কেজি ১৪০ থেকে ২২০ টাকা, রসুন ১২০ থেকে ১৮০ টাকা, দেশি মসুর ডাল ১৭০ টাকা এবং মুগ ডাল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। চালের মধ্যে মিনিকেট ৭৮ থেকে ৯০ টাকা এবং নাজিরশাইল ৭৬ থেকে ৮৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা থাকতে পারে।

