দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়িয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অর্থনীতি ঘুরে দাঁড় করাতে কর আদায় বাড়াতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। “বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। তাই কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার,”—যোগ করেন তিনি। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি পতেঙ্গা থানার জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি ঘুরে দেখেন। বিকেল তিনটায় তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল–২–এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমিতে উপস্থিত হন। সেখানে মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এ সময় বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

