ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

পাবনায় দাদি-নাতনি হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার হাতুড়ি-রড

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:২৭ পিএম

পাবনায় দাদি-নাতনি হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার হাতুড়ি-রড

পাবনার ঈশ্বরদীতে দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শরিফুল ইসলাম (২৮) গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে এককভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাঁশের গুঁড়ি, হাতুড়ি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলাম। এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গেলে তিনি হত্যার বিবরণ দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম নিহত স্কুলছাত্রী জামিলা আক্তারের বাবার খালাতো ভাই। সে হিসেবে তিনি জামিলার কাকা এবং নিহত দাদি সুফিয়া খাতুনের আপন বোনের ছেলে।

 

গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে বাড়ি থেকে কান্নার শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হন। কিছু সময় পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় জামিলার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। একইদিন রাতে নিহতের মেয়ে মর্জিনা খাতুন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

 

পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে শরিফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন। হত্যায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত জামিলা স্থানীয় একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং কোরআন শিক্ষা গ্রহণ করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দাদির সঙ্গেই বসবাস করতেন। ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!