রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে হত্যার পর তাঁর দেহ সাত খণ্ডে বিভক্ত করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে রাখা হয়। এখন পর্যন্ত ছয়টি খণ্ড উদ্ধার করা হয়েছে। সর্বশেষ অংশটি সাভারের আমিনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। অবশিষ্ট অংশ উদ্ধারের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।
মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, ভোরের দিকে দেহের আরও একটি অংশ উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ, সময় ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাটি রাজধানীবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলনে।

