গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে কর্মরত।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী চার মাস আগে একাদশ শ্রেণিতে ভর্তি হন। অভিযোগ অনুযায়ী, উপবৃত্তির ফরমে স্বাক্ষরের কথা বলে অধ্যক্ষ তাকে নিজের বাসায় ডেকে নেন এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরবর্তীতে আবারও নির্যাতনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

