ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। বকেয়া পরিশোধে নজরদারি জোরদার থাকবে।
তিনি জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, বন্ধ শ্রমবাজার পুনরায় খুলতে সরকার কাজ করছে; আগামী এক মাসের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হতে পারে। স্পেনে অভিবাসনপ্রত্যাশীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, আসন্ন বর্ষা সামনে রেখে নদী-খাল খনন ও হাওর রক্ষা বাঁধের কাজ চলছে। এ প্রকল্পে দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
মতবিনিময় শেষে মন্ত্রী সুরমা ও চেঙ্গার নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন।

