ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

নতুন মুদ্রা বহনকারী সামরিক বিমান বিধ্বস্ত, নোট কুড়াতে ভিড়—কমপক্ষে ১৫ নিহত

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৫৭ এএম

নতুন মুদ্রা বহনকারী সামরিক বিমান বিধ্বস্ত, নোট কুড়াতে ভিড়—কমপক্ষে ১৫ নিহত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী সংলগ্ন মহাসড়কে নতুন মুদ্রা বহনকারী একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস জানান, C-130 Hercules বিমানটি নতুন মুদ্রিত বলিভিয়ান নোট বহন করছিল। লা পাজের পাশের এল আল্টো বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের এলাকায় আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিনির্বাপক প্রধান পাভেল টোভার জানান, মহাসড়কে থাকা অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে কারা বিমানে এবং কারা সড়কে ছিলেন—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বিমানটির ছয়জন ক্রুর মধ্যে দুইজন নিখোঁজ বলে জানিয়েছেন বিমানবাহিনীর জেনারেল সের্জিও লোরা।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে থাকা নতুন নোট সংগ্রহে মানুষের ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ডেভিড এসপিনোজা জানান, নোটগুলো এখনো বৈধ নয়, কারণ তাতে সিরিয়াল নম্বর সংযোজন করা হয়নি।

ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!