ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

দুই মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই: সরকারের আশ্বাস

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০২:৫০ পিএম

দুই মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই: সরকারের আশ্বাস

আগামী দুই মাসে দেশে জ্বালানির কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন জেট ফুয়েল।

তিনি বলেন, পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড় মূলত ঢাকাকেন্দ্রিক এবং এটি সাময়িক। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় আতঙ্কে না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও জ্বালানি সরবরাহ কমানো হয়নি।

জ্বালানি বিভাগের মুখপাত্র আরও জানান, শিল্পকারখানায় ডিজেলের কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি না হলেও শিগগিরই বিকল্প রুটে সৌদি আরব থেকে তেল আসবে। এছাড়া ইস্টার্ন রিফাইনারিতে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করা হয়, যা দেশের মোট চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ পূরণ করে।

সব মিলিয়ে, বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সরকার।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!