বিশ্ববাজারে সোনার দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাব পড়লেও দেশের বাজারে এখনো সোনার দাম উচ্চ অবস্থানেই রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) সকালে স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৭১৮.৯৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪,৭৪২ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ডলার ও জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে অন্যান্য খাতে ঝুঁকছেন, যা দামে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এছাড়া সুদের হার বাড়ার সম্ভাবনাও সোনার বাজারে চাপ সৃষ্টি করছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগ কমে যায়, যা দামে পতনের অন্যতম কারণ।
শুধু সোনা নয়, বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামও কমেছে। রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪.২৩ ডলার এবং প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ২,০৩৪.৯৫ ডলারে নেমে এসেছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৫৩৫.৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে দাম কমলেও দেশীয় বাজারে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রভাব পড়েনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

