ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

সিআইডির এসআই পরিচয়ে প্রতারণা, আশুলিয়া থেকে যুবক গ্রেপ্তার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:২১ পিএম

সিআইডির এসআই পরিচয়ে প্রতারণা, আশুলিয়া থেকে যুবক গ্রেপ্তার

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম রিপন মিয়া (২৪)।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সিআইডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার রিপন মিয়া নেত্রকোনার পূর্বধলার বাসিন্দা।

তদন্তে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক ব্যক্তি তার আইফোন-১৫ মডেলের মোবাইল হারান। পরে সেটি উদ্ধারের জন্য তিনি একটি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই পরিচয় দেন।

একপর্যায়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক। এরপর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়।

সিআইডি জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, একই কৌশলে অন্য এক ভুক্তভোগীর কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছে সে।

সংশ্লিষ্টদের দাবি, রিপন দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে আরও একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!