ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বদলির আদেশ অমান্য করে বহাল জাগৃক আইন কর্মকর্তা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৩৭ পিএম

বদলির আদেশ অমান্য করে বহাল জাগৃক আইন কর্মকর্তা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে বদলির আদেশ অমান্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় নয় মাস আগে তাকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হলেও তিনি এখনও আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ২০০৬ সালে জাগৃকে যোগ দেওয়ার পর দীর্ঘদিন একই পদে থাকায় তিনি একটি প্রভাবশালী বলয় গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, সেবা নিতে আসা মানুষদের আইনি জটিলতার ভয় দেখিয়ে হয়রানি করা, ফাইল আটকে রেখে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মে জড়িত তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘুষ লেনদেনের জন্য একাধিক দালাল নিয়োগ করা হয়েছে এবং এসবের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন তিনি। রাজধানীর মিরপুরে একাধিক বাড়ি, লালমাটিয়ায় সরকারি ফ্ল্যাট, নিজ জেলা টাঙ্গাইলে জমি ও বাড়ি এবং অন্যান্য স্থানে সম্পদের গুঞ্জন রয়েছে। বিদেশে ব্যবসা থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

জানা গেছে, গত বছরের ৭ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আদেশে তাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আদেশ বাস্তবায়ন হয়নি।

জাগৃক সংশ্লিষ্টরা জানান, তার বিরুদ্ধে অনিয়মের বিষয়টি অনেকটাই প্রকাশ্য হলেও অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ এতদিন কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকার পরিবর্তনের পরও তার অবস্থানে কোনো পরিবর্তন না হওয়ায় প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!