রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতাল-এ চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন-সহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
গ্রেফতার অন্যরা হলেন—সুমন, লিটন, ফালান মিয়া, রুবেল, স্বপন কাজী ও শাওন হোসেন।
এর আগে সম্প্রতি ‘মানবিক চিকিৎসক’ হিসেবে পরিচিত ডা. কামরুল ইসলাম-এর পরিচালিত এই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত শুক্রবার রাতে মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করে চাঁদা দাবি ও হুমকি দিচ্ছেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে আসছিলেন তিনি। এমনকি চিকিৎসককে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা তৈরিরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ডা. কামরুল ইসলাম দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত। বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনসহ মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

