ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৫৪ পিএম

জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে

হাসপাতালে ভর্তি না হওয়ার পরও জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহম্মেদকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল (৩) বেলকুচি আমলী আদালতে হাজির হলে বিচারক ওবায়দুল হক রুমি তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

মামলার প্রধান সাক্ষী এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বলেন, ২০২৫ সালের ২১ মার্চ বেলকুচি উপজেলার কদমতলি গ্রামে একটি মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়াজেদ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একই এলাকার মো: শাহজালাল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারের যুক্ত করা সার্টিফিকেট দিয়ে মো: শাহজালাল দাবী করেন মারামারিতে আহত হয়ে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আসামী ওয়াজেদ আলী বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করে আবেদন দিয়ে দাবী করেন বাদী বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। সে মিথ্যা সার্টিফিকেট দাখিল করেছেন। আদালত ওয়াজেদ আলীর আবেদন আমলে নিয়ে অভিযোগের সতত্য যাচাইয়ের জন্য অনুসন্ধানের উদ্যোগ নেন। একজন ম্যাজিষ্ট্রেট অভিযোগের তদন্তের পর ২৬ ফেব্রুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (৩) বেলকুচি আমলী আদালতের বিচারক ওবায়দুল হক রুমি এ ঘটনায় একই আদালতের বেঞ্চ সহকারী রোজিনা খাতুনকে এ বিষয়ে সদর থানায় মামলা করার নির্দেশ দেন। মামলায় আইনজীবি, নার্স ও ভুক্তভোগীসহ ১০জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।

আইনজীবি ইন্দ্রজিত সাহা আরো বলেন, ওই মামলা দায়েরের পর আদালত আসামীর বিরুদ্ধে সমন জারী করেন। সোমবার দুপুরে আসামী মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহম্মেদ আদালতে হাজির হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি বদলী হওয়ায় ডা: ফয়সাল আহম্মেদ (৪০) বর্তমানে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া জগাই মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। 
 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!