চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোরে জেলার জীবননগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা আলিম হোসেন ও জনি। তারা একটি প্রাইভেটকারে করে মাদক বহন করছিলেন বলে জানায় পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি তল্লাশি করে ৫৭৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
পুলিশ সুপার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

