ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে উত্তেজনা আরও বেড়েছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র সম্পন্ন হয়েছে, আর সেখান থেকেই মিলেছে একাধিক মহারণের আভাস। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো একে অপরের মুখোমুখি হওয়ায় নকআউট পর্ব শুরু থেকেই জমে উঠতে যাচ্ছে।
সবচেয়ে আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক মৌসুমগুলোতে এই দুই দলের দ্বৈরথ প্রতিযোগিতায় বিশেষ মাত্রা যোগ করেছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই ফেবারিটের একজনকে বিদায় নিতে হবে শেষ ষোলোর পরই।
বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই খেলবে চেলসির বিপক্ষে। গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা—সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরোপের মঞ্চে।
ইংল্যান্ডের ক্লাব লিভারপুল মুখোমুখি হবে গালাতাসারায়ের। আর লিগ পর্বে শতভাগ জয়ে শীর্ষে থাকা আর্সেনাল পাবে কঠিন প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী গানার্সরা।
স্পেনের জায়ান্ট বার্সেলোনা সফরে যাবে সেন্ট জেমস পার্কে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
জার্মান শক্তি বায়ার্ন মিউনিখ লড়বে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। শেষ মুহূর্তের নাটকীয়তায় জায়গা করে নেওয়া আতালান্তা যে সহজ প্রতিপক্ষ নয়, সেটি ভালোভাবেই জানে বায়ার্ন।
অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার এবং বোদো/গ্লিমট বনাম স্পোর্টিং ক্লাব দে পর্তুগাল।
দুই লেগ মিলিয়ে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।

