ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

শেষ ষোলোয় সিটি–রিয়াল মহারণ, তুলনায় সহজ প্রতিপক্ষ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

শেষ ষোলোয় সিটি–রিয়াল মহারণ, তুলনায় সহজ প্রতিপক্ষ বার্সেলোনার

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে জমে উঠেছে লড়াই। ১০ মার্চ প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ—প্রতিযোগিতার দুই পরাশক্তি।

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে সিটিকে প্রতিপক্ষ হিসেবে পায় রিয়াল। শেষ ষোলোয় আরও কয়েকটি আকর্ষণীয় লড়াই নির্ধারিত হয়েছে। প্যারিস সাঁ জারমাঁ খেলবে চেলসির বিপক্ষে। আর টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। গত আসরের সেমিফাইনালিস্ট দলটি এবার শেষ ষোলোয় মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দলটি সাম্প্রতিক মৌসুমে ভালো করলেও চলতি আসরে তাদের অবস্থান লিগ তালিকার মাঝামাঝি।

প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে থাকা আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখ খেলবে আতালান্তার বিপক্ষে এবং লিভারপুলের প্রতিপক্ষ গালাতাসারাই।

শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর ফিরতি পর্ব ১৭ ও ১৮ মার্চ।

কোয়ার্টার ফাইনালেও সম্ভাব্য বড় লড়াইয়ের আভাস রয়েছে। রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি ম্যাচের বিজয়ী দল খেলবে বায়ার্ন মিউনিখ–আতালান্তা ম্যাচের বিজয়ীর সঙ্গে। পিএসজি–চেলসি লড়াইয়ের জয়ী দল মুখোমুখি হবে লিভারপুল–গালাতাসারাই ম্যাচের বিজয়ীর। বার্সেলোনা এগোলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ কিংবা টটেনহ্যাম। আর্সেনাল পরের ধাপে উঠলে খেলবে স্পোর্টিং লিসবন অথবা বোদো/গ্লিমটের সঙ্গে।

কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব ৭ ও ৮ এপ্রিল, দ্বিতীয় পর্ব ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম পর্ব ২৯ এপ্রিল এবং দ্বিতীয় পর্ব ৫ ও ৬ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!