আন্তঃমহাদেশীয় প্লে-অফে জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। দীর্ঘ প্রতীক্ষার পর দুই দেশই আবার ফুটবলের সবচেয়ে বড় আসরে জায়গা করে নিল।
বুধবার প্লে-অফ ম্যাচে দক্ষিণ আমেরিকার বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফিরেছে ইরাক। ম্যাচের শুরুতেই আলী আল-হামাদির গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে বলিভিয়া সমতা ফিরালেও দ্বিতীয়ার্ধে আয়মান হুসেইনের গোলেই জয় নিশ্চিত হয় ইরাকের।
এর আগে ১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল দলটি। সেটিই ছিল তাদের একমাত্র অংশগ্রহণ।
অন্যদিকে, আরেক প্লে-অফ ম্যাচে জ্যামেইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে এক্সেল তুয়ানজেবে জয়সূচক গোল করেন।
১৯৭৪ সালে জায়ারে নামে একবার বিশ্বকাপে খেলেছিল দেশটি। নতুন নাম নেওয়ার পর এবারই প্রথমবার বিশ্বকাপের মূলমঞ্চে উঠলো তারা।
দীর্ঘ সময় পর এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে দুই দেশের ফুটবলপ্রেমীরা।

