ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

দেশে ফেরার আশায় সাকিব, আইনি জটিলতা দ্রুত সমাধানের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:০৬ পিএম

দেশে ফেরার আশায় সাকিব, আইনি জটিলতা দ্রুত সমাধানের অপেক্ষা

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে তার প্রধান লক্ষ্য হলো দ্রুত দেশে ফিরে চলমান আইনি জটিলতার সমাধান করা। তিনি আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হতে পারেন।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব ক্রিকেট, রাজনীতি ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি জানান, আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তিনি আশাবাদী দ্রুত সমাধান হবে। তার ভাষায়, সবকিছু দ্রুত মিটে গেলে দেশে ফিরতেও দেরি হবে না।

দেশের বাইরে থাকতে হওয়ায় মানসিক দিক থেকেও তিনি কষ্টের কথা উল্লেখ করেন। সাকিব বলেন, নিজের দেশ থেকে দূরে থাকা সহজ নয় এবং তিনি বাংলাদেশকে ভীষণভাবে মিস করছেন। সুযোগ পেলে দ্রুত দেশে ফিরতে চান বলেও জানান এই অলরাউন্ডার।

ক্রিকেট ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে ফেরার সুযোগ ভবিষ্যতেও থাকবে, তবে একজন খেলোয়াড় হিসেবে সময় সীমিত হওয়ায় আপাতত পুরো মনোযোগ তিনি ক্রিকেটেই রাখতে চান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাকিব জানান, মাঝে মাঝে আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে নিজ উদ্যোগে সামলাতে হচ্ছে। তার মতে, বোর্ড সরাসরি আইনি প্রক্রিয়ায় যুক্ত হলে সমাধান আরও দ্রুত হতে পারত।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে দেশ ত্যাগের পর দীর্ঘ সময় ধরে আর দেশে ফেরার সুযোগ হয়নি। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!