ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও সম্মাননা, প্রধানমন্ত্রীর প্রণোদনায় উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:২৩ পিএম

১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও সম্মাননা, প্রধানমন্ত্রীর প্রণোদনায় উচ্ছ্বাস

দেশের কৃতী ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও মেডেল তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

এই কর্মসূচির আওতায় প্রতিটি ক্রীড়াবিদকে মাসিক এক লাখ টাকা ভাতা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে বাটন চাপলে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থার মাধ্যমে তা সরাসরি ক্রীড়াবিদদের ব্যাংক হিসাবে পৌঁছে যায়।

ভাতা পাওয়া ক্রীড়াবিদরা ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। এই সময়ে তারা স্বর্ণপদক ছাড়াও ২২টি রৌপ্য ও ৪৪টি ব্রোঞ্জপদক জিতেছেন।

এছাড়া ব্যক্তিগতভাবে স্বর্ণজয়ীদের ৩ লাখ, রৌপ্যজয়ীদের ২ লাখ এবং ব্রোঞ্জজয়ীদের ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। দলগত অর্জনের ক্ষেত্রেও নির্ধারিত হারে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক ক্রীড়াবিদকে একটি করে ক্রীড়া কার্ড ও মেডেলও প্রদান করা হয়।

সরকার জানিয়েছে, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে আরও ৫০০ ক্রীড়াবিদকে এই ভাতা কাঠামোর আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!