ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

টেন্ডুলকারের ‘ল্যাপ শট’ নিজের ঝুলিতে চান কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:২৮ পিএম

টেন্ডুলকারের ‘ল্যাপ শট’ নিজের ঝুলিতে চান কোহলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৩ সালে অবসর নেওয়ার পর শচিন টেন্ডুলকারের উত্তরসূরি হিসেবে ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা হয়ে ওঠেন বিরাট কোহলি। সময়ের সঙ্গে তিনি নিজেকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবু কিংবদন্তি টেন্ডুলকারের সঙ্গে তুলনায় নিজেকে কখনোই বড় মনে করেন না তিনি।

সম্প্রতি তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রকাশিত এক ভিডিওতে দ্রুত প্রশ্নোত্তর পর্বে কোহলিকে জিজ্ঞেস করা হয়—টেন্ডুলকারের কাছ থেকে একটি গুণ নিতে চাইলে তিনি কী নিতেন?

উত্তরে কোহলি জানান, তিনি টেন্ডুলকারের বিখ্যাত ‘ল্যাপ শট’ নিজের ঝুলিতে ভরতে চান। তার ভাষায়, “সবকিছুই নিতে চাই। তবে একটি নিতে হলে ল্যাপ শটই নেব। স্পিন বোলারদের বিপক্ষে তিনিই প্রথম এত নিখুঁতভাবে এই শট খেলতে শুরু করেছিলেন। শটটি ছিল অত্যন্ত মসৃণ, কখনোই তাড়াহুড়ার মনে হতো না।

আমি এসব শট খেলতে গিয়ে এলোমেলো হয়ে যাই। তাই তার সেই মসৃণ ল্যাপ শটটাই চাই।”

২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেন্ডুলকার মাঝারি গতির বোলারদের বিপক্ষেও দক্ষতার সঙ্গে ল্যাপ শট খেলেছেন। বিশেষ করে ফাইন লেগে ফিল্ডার ভেতরে থাকলে সেটিকে কাজে লাগিয়ে সহজেই রান তুলতেন।

ভিডিওতে কোহলিকে আরও জিজ্ঞেস করা হয়, অন্য তারকাদের কোন গুণ তিনি নিজের মধ্যে পেতে চান। জবাবে তিনি বলেন, মহেন্দ্র সিং ধোনির পরিতৃপ্তি, শাহরুখ খানের বিনয় এবং ক্রিস্তিয়ানো রোনালদোর শৃঙ্খলা তার পছন্দ।

এদিকে কোহলিকে শিগগিরই দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসরে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুমে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আসরে উদ্বোধনী জুটিতে ফিল সল্টের সঙ্গে তার সমন্বয় দলকে একাধিক ম্যাচে শক্ত ভিত এনে দিয়েছিল। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য কোহলির।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!