ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৫৯ পিএম

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পর্যালোচনার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ সিদ্ধান্তে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা এবং নির্বাচনী প্রক্রিয়া বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না তা পরীক্ষা করা।

এছাড়া ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার কথাও বলা হয়েছে। কমিটিকে গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!