ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ঢাকা–১৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন মামুনুল হকের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:১৪ এএম

ঢাকা–১৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন মামুনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ (মোহাম্মদপুর) আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। ওই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের বিজয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত উচ্চ আদালতের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে দেশের বিভিন্ন সংসদীয় আসনের আরও ২৫ জন প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনের ব্যালট পত্রসহ সব নির্বাচনী সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের বিষয়ে শুনানির জন্য উচ্চ আদালতে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

উচ্চ আদালত বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যা ২০০১ সালের সংশোধিত অধ্যাদেশ দ্বারা সংশোধিত, তার বিধান অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র গ্রহণ, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং শুনানি পরিচালনার এখতিয়ার এই বেঞ্চের রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!