ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট জব্দের নির্দেশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:১২ পিএম

রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট জব্দের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফল শিট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট দুই আসনে পরাজিত বিএনপি প্রার্থীরা নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে আবেদন করেন।

 

আদালত নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও ফলাফল শিটসহ নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে রাখতে হবে। পাশাপাশি ওই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।

 

এর আগে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে অনিয়মের অভিযোগ তুলে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শেরপুর-১ আসনেও একই অভিযোগে আবেদন করেছে বিএনপি। এসব আবেদনেরও শুনানি চলছে।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মসংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদন শুনছেন।

আদালতের আদেশের ফলে সংশ্লিষ্ট আসনগুলোর ভোটের ফলাফল নিয়ে আইনি প্রক্রিয়া আরও অগ্রসর হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!