আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান গুম ও হত্যা মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। রোববার (১ মার্চ) ট্রাইব্যুনালে তাকে জিজ্ঞাসাবাদ করেন আইনজীবী আমিনুল গণি টিটো।
এই মামলায় সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে তার জেরা অনুষ্ঠিত হয়।
জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মুর্তাজা মজুমদার নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানান। এ সময় আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহারও শুভেচ্ছা জানান এবং আদালতের পরিবেশ মর্যাদাপূর্ণ রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু মন্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রায় ঘোষণার আগ পর্যন্ত আসামি হিসেবে জিয়াউল আহসানের যথাযথ মর্যাদা নিশ্চিতের দাবি জানান।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশন দল কোনো বিশেষ সুবিধা পায় না। আইন অনুযায়ী উভয় পক্ষই সমান সুযোগ-সুবিধা পাবে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যানও মন্তব্য করেন, সব পক্ষের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে এবং এতে কোনো ব্যত্যয় ঘটবে না।
মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে আদালত সূত্রে জানা গেছে।

